পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, এবার ‘বৈসাবি’ নামে নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব তাদের নিজ নিজ নামে উদযাপন করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বৈসাবি নামটিতে শুধু তিনটা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিলো। যেকারণে এবার সেটি বাদ দিয়ে বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান নামে ১২ এপ্রিল থেকে উৎসব পালন শুরু হবে। সকালে র্যালির মাধ্যমে কর্মসূচি উদ্বোধন হবে। পাহাড়ের ঐতিহ্য মেনে রমনা পার্কের লেকের জলে ভাসানো হবে ফুল।
দীপেন দেওয়ান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বকীয় সংস্কৃতি রক্ষার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, দেশে পাহাড়ি বাঙালি ভেদাভেদ নেই। সব জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য, এখানে কোনো বৈষম্য থাকবে না।
মন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পাহাড়ি জনগণের স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূল স্রোতে যুক্ত রাখা সরকারের লক্ষ্য।


