কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়ার বালুখালী ব্রিজ এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত যুবক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন শাহপুরী হাইওয়ের পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘কক্সবাজার থেকে টেকনাফগামী পালকি মিনিবাসটি বালুখালী বাজার থেকে ব্রিজ এলাকায় পৌঁছালে উখিয়াগামী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলই ২৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে ইজিবাইক চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসচালক ও হেলপার পলাতক রয়েছে। কিন্তু বাস ও ইজিবাইক দুটি জব্দ করে শাহপুরী হাইওয়ে পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


