পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ফটিকছড়ি উপজেলার হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় বিডি ক্লিন চট্টগ্রাম জেলা টিমের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পরিচ্ছন্ন আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফটিকছড়ির প্রকৃতি শুধু সৌন্দর্যের নয়, এটি একটি জীবন্ত সম্পদ এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের ভাণ্ডার। এ অঞ্চলের বনাঞ্চল উজাড় রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
সরোয়ার আলমগীর বলেন, পরিবেশ রক্ষায় ইটভাটায় উন্নত কয়লা বা পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে উপজেলা জুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগর ও গ্রামের জন্য ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ ধারণাটির দ্রুত বাস্তবায়ন এবং আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন। এটি পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
সেই ধারাবাহিকতায় ফটিকছড়িতেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে
হাজারিখিল প্রসঙ্গে তিনি বলেন, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। এই বন ও এর জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। উন্নয়নের পাশাপাশি প্রকৃতির ভারসাম্য অটুট রাখতে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নুরুল ইসলাম মেম্বার, ওসমান চৌধুরী, মোহাম্মদ আলী মেম্বার, মো. সাইফুদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, কুতুব উদ্দিনসহ বিডি ক্লিনের আলমগীর খান মুন্না, জুবায়ের সিয়াম, মেহেদী হাসান, নাইম ইসলাম চৌধুরী প্রমুখ।


