ফতিমা ফালগুনী, প্রিয় চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির পর ঘোষিত যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। তবে এখনো সম্পূর্ণ স্থিতিশীলতা ফিরে আসেনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল ও আজ—এই দুই দিনে মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি আগমন (arrival) ফ্লাইট
ইউএস-বাংলা এয়ারলাইনস এর ১টি আগমন এবং ৪টি প্রস্থান (departure) ফ্লাইট
এয়ার আরাবিয়া এর শারজাহ রুটের ২টি আগমন ও ২টি প্রস্থান ফ্লাইট
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফ্লাইট অপারেশনও আংশিকভাবে উন্নতি লাভ করেছে। গত দুই দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৫টি আগমন এবং ১১টি প্রস্থান আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্য রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে রয়েছে। তিনি বলেন, সালাম এয়ার, এয়ার আরাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট ধীরে ধীরে পুনরায় সচল হচ্ছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত, গত দুই দিনের বাতিলসহ মোট ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, পরিস্থিতি আরও উন্নত হলে আগামী দিনে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে।


