শহীদ জিয়া স্মৃতি সংসদ, কালীপুর, বাঁশখালীর উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কৃতি ফুটবলার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন,
“খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমাদের তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আহমদ ছিদ্দিকের সভাপতিত্বে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুনাগরী এ গণি প্লাজার স্বত্বাধিকারী রহিম উদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদ উদ্দিন, মইনুল হক চৌধুরী পলাশ, নুরুল আজিম, সাবেক ছাত্রনেতা ও বাঁশখালী বিএনপি নেতা নুরুল মোস্তফা এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জুনায়েদ রাছেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।


