‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর এই শোভাযাত্রা শুরু হয়।
এবার শোভাযাত্রায় পাঁচটি প্রধান মোটিফ রাখা হয়েছে। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। প্রতিটি মোটিফ আলাদা বার্তা বহন করে। এছাড়া রয়েছে মাছ, বাঘ ও হরিণ শাবক, ছাগল ও ছাগশিশু, কাকাতুয়া ও ময়ূর।
মোরগ নতুন শুরু ও জাগরণের প্রতীক। এটি অন্ধকার দূর হওয়ার বার্তা দেয়। দোতারা বাঙালির লোকসংগীত ও সাংস্কৃতিক শিকড় তুলে ধরে। এটি বাউল শিল্পীদের গুরুত্বও মনে করিয়ে দেয়।
কাঠের হাতি শক্তি, ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। টেপা ঘোড়া গ্রামবাংলার সহজ জীবন ও শৈশবের স্মৃতি তুলে ধরে। পায়রা সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির বার্তা দেয়।
এদিকে সকাল ৮টা থেকেই চারুকলা অনুষদের প্রাঙ্গণে জড়ো হতে থাকেন উৎসবপ্রিয় মানুষ। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। চারদিকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে উৎসবের পরিবেশ তৈরি হয়। শোভাযাত্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যারা জাতীয় পতাকা বহন করছেন। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীও পরিবেশনায় অংশ নিচ্ছেন।


