বর্তমান প্রেক্ষাপটে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (১৩ এপ্রিল) রাতে রাঙামাটির বনরূপাস্থ আইসিআর পাবলিক লাইব্রেরিতে ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সকল বিরোধী রাজনৈতিক শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘১১ দলীয় ঐক্যজোট জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং এই লক্ষ্য অর্জনে রাজপথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।’
জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় এবং জেলা আমীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দও ঐক্যজোটের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।


