টেকনাফ-সেন্টমার্টিনে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের গাঁজা ও বিদেশি মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। আটক সবাই কক্সবাজারের বাসিন্দা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। অভিযান চলাকালে বোটে থাকা ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা আলামত ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।


