ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে খাড়া পাথুরে ঢাল বেয়ে গভীর খাদে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জম্মু ও কাশ্মীর অঞ্চলের উদমপুর জেলার কানোটে গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। কাশ্মীর নিউজ সার্ভিস (কেএনএস)-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বহন এবং দুর্গম পাহাড়ি সড়কের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।


