কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন, টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোররাত ৩টার দিকে টেকনাফ থানার সিকদার পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্রসহ মো. রাসেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি ডন রাসেলথ নামে পরিচিত এবং সিকদার পাড়া, সাবরাং এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল গফুর।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক রাসেল দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবপাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র সংক্রান্ত অন্তত ৮টি মামলা রয়েছে। এর আগেও টেকনাফ থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একাধিকবার আটক করেছিল।
জব্দ করা অস্ত্র ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


