ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধবর্ষ উদযাপন ও বিশ্ব শান্তি কামনায় নগরে অনুষ্ঠিত হয়েছে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা।
‘যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) সকালে ডিসি হিল চত্বর থেকে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়।
পরে নন্দনকাননের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি-মহিলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রাথমিক জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়।
বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যুদ্ধ নয় শান্তি চাই-এই আহ্বানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে হবে না।
ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করাই আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান অমরেশ বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, সুমন বড়ুয়া বাপ্পি, কেমি বড়ুয়া, নেভী বড়ুয়া, রুপ্তা বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
শান্তি শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।


