মির্জা ইমতিয়াজ শাওন : সাগরে ফিরতে শুরু করেছেন জেলেরা| প্রায় দুই মাস পর মৎস্য আহরণের জন্য দেশের উপকূলজুড়ে জেলে সম্প্রদায় আবারও সমুদ্রমুখী হয়েছেন|
অধিকাংশ জেলে আজ শুক্রবার জুমার নামাজ শেষে পরিবার-পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে এক থেকে দেড় মাসের জন্য জীবিকার তাগিদে গভীর সাগরে পাড়ি জমাবেন| অনেকে অবশ্য বৃহস্পতিবার রাতেই সাগরে নেমে পড়েছেন|
নিরাপদ মৎস্য প্রজননের লক্ষ্যে সরকার ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল| গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হয়| ফলে ১ মে থেকে জেলেরা আল্লাহর নাম নিয়ে আবারও মাছ ধরতে সাগরে যাত্রা শুরু করছেন|
উপকূলীয় বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন জেলেরা| ট্রলার মেরামত, জাল-সরঞ্জাম ঠিক করা, বাজার-সদাই ও প্রয়োজনীয় রসদ সংগ্রহ—সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে|
সরকার প্রতিবছরের মতো এবছরও ইলিশসহ ৪৭৩ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন, সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা জারি করেছিল| ৫৮ দিন পর তা প্রত্যাহার হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ উপকূলীয় অঞ্চলের জেলেদের অপেক্ষার অবসান ঘটেছে|
মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞাকালীন সময়ে তালিকাভুক্ত জেলেরা সরকারের পক্ষ থেকে ৫৮ কেজি করে চালসহ প্রয়োজনীয় সহায়তা পেয়েছেন|
এদিকে উপকূলীয় মৎস্যঘাটগুলোতেও ফিরেছে কর্মচাঞ্চল্য| আড়তদার ও ব্যবসায়ীরা মাছ ক্রয় ও সংরক্ষণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন| বরফকলগুলো সচল করা হয়েছে, ট্রলারগুলোতে বরফ তোলা হচ্ছে এবং ঘাটে মজুদ রাখা হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম|
চট্টগ্রামের আনোয়ারা গহিরা এলাকার জেলে সুমন দাশ বলেন, “২০ বছর ধরে সাগরে যাই| আবারও যাচ্ছি, আল্লাহ ভরসা|” জেলেদের নিরাপত্তা ও সফলতার জন্য উপকূলীয় মসজিদগুলোতে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে|
টেকনাফের মৎস্য আড়ত ব্যবসায়ী ˆসয়দ আলম জানান, ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ফিশিং বোট আজ ঘাট ছাড়ার প্রস্তুতিতে রয়েছে| মাঝারি ট্রলারে ৩০ হাজার থেকে এক লাখ টাকা এবং বড় ট্রলারে প্রায় দুই লাখ টাকার সরঞ্জাম তোলা হয়েছে|
সংশ্লিষ্টরা আশা করছেন, নিষেধাজ্ঞার সুফলে সাগরে মাছের পরিমাণ বৃদ্ধি পাবে এবং জেলেরা আশানুরূপ আহরণ করতে পারবেন|
দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


