মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করা উচিত। অন্যথায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানী ঢাকার ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ বিভিন্ন সময়ে অবৈধভাবে তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘অতীতে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিপুলসংখ্যক অমুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব ব্যক্তিরা শুধু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাই নেননি, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও সুযোগও গ্রহণ করেছেন, যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি অন্যায়।’


