সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও সম্প্রীতির নগরী গড়ে তুলতে কাজ করছি — চসিক মেয়র
২৫৭০ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বিশ্বশান্তি শোভাযাত্রা, জাতীয় বৌদ্ধ সম্মেলন, মহাসংঘদান ও আলোচনা সভা শুক্রবার (৮ মে) চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জস্থ কিশলয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। এতে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু, ধর্মীয় ব্যক্তিত্ব, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। চট্টগ্রামকে সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “গৌতম বুদ্ধের শান্তি, মৈত্রী ও মানবকল্যাণের শিক্ষা আজকের বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। সমাজে সহনশীলতা, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনয়াচার্য জীবনানন্দ মহাথের, শাসনশোভন শিক্ষাবিদ সুনন্দ মহাথের, শ্রীসদ্ধর্মশাসনধ্বজ ড. বুদ্ধপ্রিয় মহাথের এবং শ্রীসদ্ধর্মশাস্ত্রাচার্য অভয়ানন্দ মহাথের।
দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় বর্ণাঢ্য শান্তিশোভা যাত্রা, মহাসংঘদান, সদ্ধর্মদেশনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, অহিংসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।


