মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যান থেকে প্রায় ৭ লাখ টাকার রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত অধিকাংশ পোশাক ও ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নাজিম মিয়া (২৫), মোঃ হারুন ওরফে ভাইসাব (২৯), মোঃ সোহাগ (২২) এবং মোঃ নজরুল ইসলাম (৪৬)।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশনের সামনে এ লুটের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রপ্তানিযোগ্য টি-শার্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামের কেডিএস ডিপোর দিকে যাচ্ছিল। পথে ডাকাত দল ভ্যান থেকে ৩৪টি কার্টনে থাকা ৬০৯ পিস টি-শার্ট লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত পণ্যের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩৫০ টাকা।
এ ঘটনায় মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার মোঃ আলতাফ হোসেন খান বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। তদন্তের শুরুতেই কাভার্ড ভ্যান চালক ফরহাদ আলীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কাভার্ড ভ্যান মালিক জহিরুল ইসলামের যোগসাজশে মালামাল আত্মসাৎ করে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরীর নেতৃত্বে মিরসরাই থানা পুলিশের একটি বিশেষ টিম চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
শুক্রবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭মে) রাতে চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩টি কার্টনে থাকা ৫৯৮ পিস টি-শার্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১১-০৬৪১ নম্বরের একটি খোলা পিকআপ ভ্যানসহ আরও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। চালক ও মালিকের যোগসাজশেই পুরো লুটের ঘটনা সংঘটিত হয়েছিল। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


