চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে তানহা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুর ১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন এলাকার হাজী আহমেদ মিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার মো. মহিনের মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান, বাড়ির সামনের পুকুরে শিশুটির মা নিয়মিত কাপড়চোপড় ও গৃহস্থালির তৈজসপত্র পরিষ্কার করতেন। এ কারণে তানহাও প্রায়ই মায়ের সঙ্গে পুকুরপাড়ে যেত।
শুক্রবার (৮ মে) দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকাকালে একপর্যায়ে তানহাকে পাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


