কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ মে) দুপুরে নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফের জেটিঘাটে নিয়ে আসা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন)।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমার জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরবর্তীতে দেশটির অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল তাদের। আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক দিক বিবেচনায় নিয়ে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ সমন্বয় ও আলোচনার পর আজ তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। মানবিক সংকট নিরসনে বিজিবির পেশাদারিত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে। ফেরত আসা জেলেদের বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এখনো যারা আটক রয়েছে, তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


