বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ৮ দিনব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস” ২০২৬ এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগীতা।
শনিবার (৯ মে) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল কেলা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি ফ্রিল্যান্স এন্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, বিসিবি এ্যাডহক কমিটি সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম জোনায়েত খান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
এর পূর্বে শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক ফুটবল ফাইনালে আনোয়ারা উপজেলা ট্রাইব্রেকারে ৪ – ২ গোলে সীতাকুণ্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বালক বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সীতাকুণ্ডের মোঃ মিশান ও সর্ব্বোচ গোলদাতা সাকিবুর হোসাইন।
বালিকা ফুটবলে পটিয়া উপজেলা ৪ – ১ গোলে রাউজান উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্ণামেন্টের বালিকা বিভাগে সেরা খেলোয়াড় পটিয়ার ইসরাফ নিম ও সর্ব্বোচ গোলদাতা পটিয়ার দুর্গা দাশ।

একই দিন সকালে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ক্রিকেট ইভেন্টের ফাইনালে বালক বিভাগে বাঁশখালী ৩৬ রানে আনোয়ারা উপজেলাকে পরাজিত করে শিরোপা জয় করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাঁশখালীর মোশারফ হোসেন ও টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কোতোয়ালী থানার ইভান রায়হান।
সাগরিকা বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট রুহুল আমিন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠের ম্যাচে বালিকা বিভাগে বোয়ালখালী উপজেলা ১৪ রানে সীতাকুণ্ড উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বোয়ালখালীর উম্মে তাসফিয়া ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সীতাকুণ্ডের ফারসিয়া জান্নাত।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে দলীয় ট্রফি ও ব্যাক্তিগত পদক তুলে দেন। এর মাধ্যমে পর্দা নামে গত ২ মে সিলেট স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন হওয়া দেশব্যাপী ক্রীড়া উৎসব “নতুন কুঁড়ি স্পোর্টস” ২০২৬ এর চট্টগ্রাম জেলা পর্বের।


