চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী (৬০) নামে নারী নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বারইয়ারহাট পৌর বাজারের বিএম হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
আজমা বেগম ফেনী পৌর সদরের দক্ষিণ চড়ীপুর এলাকার ইফতেখার আহমদের স্ত্রী। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, আজমা বেগম সিরাজী বারইয়ারহাট পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকেন। নতুন বাসায় আসার পর বুধবার রাতে পুরাতন বাসার প্রতিবেশীদের সঙ্গে দেখা করে বাসায় ফিরছিলেন। বারইয়ারহাট বিএম হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির শান্তি পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শান্তি পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী নামে এক নারী মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


