মির্জা ইমতিয়াজ শাওন: পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবে অবস্থানরত হাজিদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। চলতি বছর হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে অননুমোদিত হজযাত্রীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, বৈধ ‘হজ পারমিট’ বা অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, দেশ থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে। তাই প্রত্যেক হাজিকে পাসপোর্ট, পরিচয়পত্র ও হজ এজেন্সির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এবারের হজ মৌসুমে তীব্র গরম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাজিদের পর্যাপ্ত পানি পান, রোদে বের হলে ছাতা ব্যবহার এবং হিটস্ট্রোক এড়াতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জ্বর, ডায়রিয়া, গ্যাস্ট্রিক ও ত্বকের সমস্যার প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মেনিনগোকোকালসহ নির্ধারিত টিকা গ্রহণও বাধ্যতামূলক করা হয়েছে।
হজের ইবাদত পালনের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার, চুল-নখ কাটা কিংবা স্বামী-স্ত্রীর মিলনের মতো নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। মিনায় অবস্থান, আরাফাতে উপস্থিতি এবং মুজদালিফায় রাত্রিযাপনের সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত ভিড় এড়াতে নির্ধারিত সময় মেনে তাওয়াফ ও জামারাতে পাথর নিক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে। মক্কা, মদিনা, মিনা ও আরাফার পবিত্র পরিবেশে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবার ও পানির অপচয় না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮ জিলহজ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। পরদিন ৯ জিলহজ আরাফাতের ময়দানে সমবেত হবেন লাখো মুসল্লি। এরপর জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আল্লাহর ঘরের মেহমানরা।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ মে ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪২টি ফ্লাইটে ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন রয়েছেন। এ পর্যন্ত সৌদি আরবে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল হয়েছে, যার মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।
অন্যদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৮ লাখ ৬০ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে প্রায় ৮ লাখ ২০ হাজার হাজি বিমানপথে, ৩৫ হাজার স্থলপথে এবং ৪ হাজারের বেশি সমুদ্রপথে এসেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, তীব্র গরম, অতিরিক্ত ভিড় ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার এই সময়ে সচেতনতা, ধৈর্য ও নিয়ম মেনে চলাই নিরাপদ ও সুন্দরভাবে হজ পালনের প্রধান শর্ত।


