বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আগামীতে জেলার সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই। এ দেশ আমাদের সবার। আপনারা চট্টগ্রামের মানুষকে যেভাবে ভালোবাসেন, ঠিক তেমনি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে চাই।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রত্যেক মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে। আমিও মানুষ হিসেবে তার ব্যতিক্রম নই।
বুধবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
২০২৫ সালের ১৮ নভেম্বর তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। প্রেস কনফারেন্সে মাল্টিমিডিয়ার মাধ্যমে জেলা প্রশাসকের গত ছয় মাসের সার্বিক কার্যক্রমের চিত্র উপস্থাপন করা হয়।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ এ জেলার দায়িত্ব পালন করতে গিয়ে এখানকার মানুষের চাহিদা পূরণ করতে পারছি কি না কিংবা আমার আরও কী করণীয় রয়েছে, তা জানতে সমাজের দর্পণ হিসেবে কাজ করা সাংবাদিকদের পরামর্শ নিতেই এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এ দায়িত্বশীল অবস্থানে থেকে মানুষের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে যোগদানের পর থেকে জেলাবাসীর কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে চেষ্টা করে যাচ্ছি। আগামীতে আপনারা কেমন প্রশাসন চান, আপনাদের কী কী পরামর্শ রয়েছে, কতটুকু সেবা দিতে পারছি এবং কাজের পরিধি বাড়ার পাশাপাশি সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আরও কী কী করা প্রয়োজন এসব বিষয় বিবেচনায় রেখে সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নাগরিকদের চাহিদা পূরণে আমরা বদ্ধপরিকর।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপ পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান (উপসচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।


