বিপুল সংখ্যক আইনপ্রণেতার ভোট পেয়ে আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।
সোমবার (২৫ মে) সকালে আইনসভার তৃতীয় বার্ষিক অধিবেশনে পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, গালিবাফ, হোজ্জাতোলেসলাম মোহাম্মদ তাকি নাকদালি এবং ওসমান সালারি সংসদের স্পিকারের পদে প্রার্থী ছিলেন।
গালিবাফ আইনপ্রণেতাদের দেওয়া ২৭১ ভোটের মধ্যে ২৩৫টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। অন্যদিকে নাকদালি পান ২৯ ভোট এবং সালারি পান ৭ ভোট।
১১তম পার্লামেন্টের পুরো চার বছর এবং ১২তম পার্লামেন্টের প্রথম দুই বছরজুড়ে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন গালিবাফ।
ইরান পার্লামেন্টের সভাপতিমণ্ডলীতে মোট ১২টি পদ রয়েছে– একটি স্পিকারের, দু’টি ভাইস স্পিকারের, ছয়টি সচিবের এবং তিনটি পর্যবেক্ষকের।
এছাড়া পার্লামেন্টে ১৩টি বিশেষায়িত কমিটি রয়েছে। প্রতিটি কমিটির নিজস্ব ছয় সদস্যের সভাপতিমণ্ডলী থাকে, যেখানে একজন চেয়ারম্যান, দু’জন উপ-চেয়ারম্যান, একজন মুখপাত্র এবং দু’জন সচিব থাকেন।
পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর সদস্যরা সব প্রতিনিধির সরাসরি ভোটে নির্বাচিত হন। তবে বিশেষায়িত কমিটিগুলোর সভাপতিমণ্ডলী সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ভোটে এক বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন।
সূত্র: প্রেস টিভি


