সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের দাবিতে রাঙ্গামাটিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ‘রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে শহরের তবলছড়ি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধি ভবন এলাকা ঘুরে পুনরায় তবলছড়ি বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীপেন দেওয়ানকে পরিকল্পিতভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তারা অবিলম্বে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে যথাযথ মর্যাদার সঙ্গে স্বপদে পুনর্বহালের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার, উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করে আসছেন। তাই তাকে পদ থেকে সরিয়ে দেয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও হুশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।


