রাঙামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন (৫৫) আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (০৫ জুন) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন লংগদু থানার ওসি মো. জাকারিয়া।
মামলায় অভিযুক্ত ব্যক্তি উত্তর ইয়ারাংছড়ি এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৩ জুন অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুক্তভোগী কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা বিষয়টি ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন। ঘটনার সংবাদ প্রাপ্তির পর লংগদু জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক তাৎক্ষণিকভাবে ঘটনাটির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন সাক্ষী ও স্থানীয় ব্যক্তিবর্গের নিকট হতে তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করে অভিযোগের ভিত্তিতে মোঃ আবুল হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে ৪ জুন রাতে অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে লংগদু থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ওসি মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।


