চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কথা বলে রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তিন নারীর। কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, জোবায়দা (৪০), তইয়েবা (৪০) ও রাজিমা (৫০)। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান এ সব তথ্য জানান।
মেজর মো. নাজমুস সাকীব খান জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গাড়ির তিন নারী যাত্রী নিজেদের রোগী হিসেবে পরিচয় দেন এবং তাদের কাছে অবৈধ মালামাল নেই বলে দাবি করেন। তাদের কারো গলায় ঝোলানো ছিল ব্যান্ডেজ, আবার কারো হাত ব্যান্ডেজে মোড়ানো ছিল। তবে আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি চালান। একপর্যায়ে তাদের শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিন নারীকে গ্রেপ্তার করা হয়।
মেজর মো. নাজমুস সাকীব খান জানান, ওই তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


