রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, অবৈধ সিগারেট ও কসমেটিক সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা–দিঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান।
এসময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেলে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ১২ বোতল ভারতীয় মদ, ৩৯ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট এবং কিছু কসমেটিক সামগ্রী জব্দ করে।
জব্দ এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


