কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই পিডিবি প্রজেক্ট এলাকার জনৈক শাহ আলমের বাসা থেকে ৮ ফুট দৈর্ঘ্য এবং ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধারের পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সংচ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার শাহ আলমের বাসা থেকে একটি অজগর সাপ কর্ণফুলী বন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উদ্ধার করে।
কর্ণফুলী বন রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার লোকজনের মাধ্যমে একটি বাসায় অজগর সাপের অবস্থানের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে শাহ আলম নামের ওই ব্যক্তির বাসা থেকে অজগর সাপটি উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি। বাসগৃহের মালিক শাহ আলম জানান, সাপটি তার ঘরের মুরগির খোয়াড়ে ঢুকে দুটি মুরগি খেয়ে ফেলে। বিষয়টি নজরে আসার পর সাপটিকে কোন রকম আঘাত না করে বন বিভাগকে খবর দিয়েছি।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা এসে অজগরটি উদ্ধার করে। পরে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের ডিএফও এস এম সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় অজগর সাপটিকে ওইদিন বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানের হেলিপ্যাড এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। এসময় রাঙামাটি দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষক আবু কাওসার, ফ্রিংখীয়ং বিট কর্মকর্তা আবু নাঈম, শহিদুল আলম সহ ইআরটি সদস্যগন উপস্থিত ছিলেন।
সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার জানান, খাদ্য সংকটের কারণে বনের এসব প্রাণী খাদ্যের সন্ধানে লোকালয়ে মানুষের গৃহে ঢুকে পড়ে এবং হাঁস-মুরগি খেয়ে ফেলে।


