মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাস্তার পাশে থাকা অপ্রয়োজনীয় ঝোঁপঝাড় ও আগাছা পরিষ্কারের মাধ্যমে একদিকে যেমন শহরের রাস্তাঘাটের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পথচারীদের চলাচলও আরও সুরক্ষিত হবে।
রবিবার (২১ জুন) সকালে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বারইয়ারহাট পৌরসভাকে এমন একটি দৃষ্টান্তমূলক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়, যা পরিচ্ছন্নতা ও সবুজায়নের দিক থেকে সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
জানা গেছে, বারইয়ারহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং সবুজে আচ্ছাদিত মডেল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে শুরু হয়েছে রাস্তার দুইপাশের ঝোপঝাড় পরিষ্কার ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে রাস্তার দুই ধারের অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড়ের কারণে যে বিঘ্ন ঘটত, পরিচ্ছন্নতা অভিযানের ফলে তা দ্রুত নিরসন হবে। পাশাপাশি নতুন রোপণ করা চারাগাছগুলো বড় হলে পুরো পৌর এলাকা এক মনোরম সবুজ অভয়ারণ্যে পরিণত হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বারইয়ারহাটের এই উদ্যোগ দেশজুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলেই।


