কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট এলাকা থেকে নৌকায় করে পাচারের উদ্দেশে বহন করা বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত খনিজ কয়লাসহ দুইজনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে আরেকটি নৌকা থেকে ১৫০ কেজি সরিষা দানা ও ২০০ কেজি সয়াবিন দানাও উদ্ধার হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্বাঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সুমন আল মুকিত।
বুধবার (২৪ জুন) দুপুরে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের তথ্যমতে, নিয়মিত অভিযানের সময় কর্ণফুলী নদীর প্রবেশমুখে দুটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেগুলোতে তল্লাশি চালায় তাদের টিম।
গ্রেফতার দুজন হলেন— সাইফ উদ্দিন (৪০) ও মোহাম্মদ আলী (৪৫)। তাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়।
এ সময় একটি নৌকা থেকে এক টন কয়লা এবং আরেকটি নৌকা থেকে ১৫০ কেজি সরিষা দানা ও ২০০ কেজি সয়াবিন দানা উদ্ধার হয়। গ্রেফতার দুজন নৌকা দুটির মাঝি হলেও তারা চোরাকারবারিতে যুক্ত বলে দাবি কোস্টগার্ডের।
আটক চোরকারবারীদের প্রদত্ত তথ্যমতে, কয়লাগুলো বাণিজ্যিক জাহাজ থেকে নৌকায় তোলা হয়েছিল। নৌকা দুটি নিয়ে গ্রেফতার দুজন বন্দরের বহির্নোঙ্গরে বিভিন্ন জাহাজে সবজি বিক্রি করতে গিয়েছিল। ফেরার পথে আমদানি পণ্যের একটি বাণিজ্যিক জাহাজ থেকে নৌকায় উদ্ধার করা কয়লা তুলে দেওয়া হয়। তবে জাহাজের নাম তারা জানাতে পারেনি।
উল্লেখ্য, আমদানি করা সিংহভাগ কয়লা ব্যবহার করা হয় বিদ্যুৎকেন্দ্রে। মাদার ভ্যাসেলে বিভিন্ন দেশ থেকে আসা এসব কয়লা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজে খালাস করা হয়। এরপর সরাসরি লাইটারেজ জাহাজ অথবা অন্যান্য নৌযানে করে নেওয়া হয় মংলাবন্দরসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে। আর এ সময় কয়লা, তেলসহ বিভিন্ন ধরনের জ্বালনি চুরি করে বিক্রি করে দেয় চোরাকারবারীরা।


