চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র্যাব-৭। উদ্ধার অস্ত্রটি জার্মান প্রযুক্তির আধুনিক স্বয়ংক্রিয় এইচকেজিথ্রি রাইফেল বলে নিশ্চিত করেছে র্যাব।
বুধবার (২৪ জুন) ভোর পৌনে ৫টায় হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।
তিনি জানান, চান্দগাঁও থানাধীন হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি পরিত্যক্ত বিদেশি অস্ত্র পড়ে আছে; স্থানীয় সূত্রে এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযানে যায় র্যাব। এসময় হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকার জলিলের সীমানা প্রাচীর ঘেরা একটি ফাঁকা জায়গা থেকে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসহ আধুনিক এই রাইফেলটি উদ্ধার করা হয়।
উদ্ধার আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই ভারি অস্ত্রটি সেখানে ফেলে গেছে, অন্ত্রটির বাট ও ম্যাগজিন কোথায় এবং কার কাছে আছে তা খতিয়ে দেখছে র্যাব।


