খাগড়াছড়ির গুইমারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসা) গ্রুপের ঝিমিত চাকমা (৫০) গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরা শোকসভায় অংশগ্রহণের জন্য সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফ নেতাকর্মীদের লক্ষ্য করে প্রতিপক্ষ গুলি করে। এ সময় গুইমারা উপজেলা সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছালে উভয়পক্ষের সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে গুইমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করায়। পরে সেখান থেকে ঝিমিত চাকমাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ঝিমিত চাকমাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে খাগড়াছড়ির লক্ষিছড়ি উপজেলায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যাসহ ৬টি মামলা রয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তার ইউপিডিএফ সদস্যকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।


