কক্সবাজারের ঈদগাঁওয়ে আগুনে পুড়ে ৩টি বসতঘর ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার(৮ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন উক্ত এলাকার মোঃ ইসলাম, ছৈয়দ আলম প্রকাশ বান্ডু ও রিয়াদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিত্যাক্ত একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এক বছর ধরে এ ঘরে কেউ বসবাস করে না। কেউ ষড়যন্ত্র করে আগুন লাগাতে পারে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ এক লাখ টাকা বিতরণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা দেয়ার জন্য ইউএনওর প্রতি অনুরোধ জানান।
দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান। তিনি বলেন, কে বা কারা অগ্নিসংযোগের সাথে জড়িত তা তদন্ত করে বের করা হবে। তিনি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে হবে বলেও জানান।


