মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তারের কার্যালয়ে এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১ (মিরসরাই) এর রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহ, স্বতন্ত্র প্রার্থী আশরাফ ছিদ্দিকি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম।
অপরদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক (স্বতন্ত্র প্রার্থী) শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, সোমবার ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ওই দিন আমাদের কাছে ৫জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বাকীরা চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন।


