কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারি মোট ২৩ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) ও শনিবার (৩ জানুয়ারী) এই দুদিন কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
শনিবার (৩ জানুয়ারী) কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও) ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। এর মধ্যে কক্সবাজার-৩ আসনে ৬ প্রার্থীর মধ্যে ভোটার স্বাক্ষরকারীর তথ্যে ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনের অপর ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন লুৎফুর রহমান কাজল (বিএনপি), শহীদুল আলম বাহাদুর (জামায়াত), আমিরুল ইসলাম (ইসলামী আন্দোলন), জগদীশ বড়ুয়া (লেবার পার্টি) এবং নুরুল আবছার (আমজনতা দল)।
এদিকে, শনিবার (৩ জানুয়ারী) দুপুরে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৫জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- শাহজাহান চৌধুরী (বিএনপি), নুর আহমদ আনোয়ারী (জামায়াত), নুরুল হক (ইসলামী আন্দোলন), সাইফুদ্দিন খালেদ(এনডিএম) ও আব্দুল্লাহ আল আরাফাত (লেবারেল ডেমোক্রিটিক পার্টি)।
এর আগে শুক্রবার (২ জানুয়ারী) কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫জন প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। অপরদিকে ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- সালাহউদ্দিন আহমেদ (বিএনপি), আব্দুল্লাহ আল ফারুখ (জামায়াত), মো. আব্দুল কাদেরের (গণঅধিকার পরিষদ) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে অবৈধ ঘোষণা হয়েছে মো. ছরওয়ার আলম কুতুবী (ইসলামী আন্দোলন) ও মো. সাইফুল ইসলামের (স্বতন্ত্র) মনোনয়নপত্র।
এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের ৭জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা হলেন- এ এইচ এম হামিদুর রহমান আযাদ (জামায়াত) ও গোলাম মওলা (স্বতন্ত্র)। অপরদিকে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটানিং কর্মকর্তা। বৈধ প্রার্থী হলেন- আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি), জিয়াউল হক (ইসলামী আন্দোলন), ওবাদুল কাদের নদভী (খেলাফত মজলিশ), এস এম রোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ), মো. মাহমুদুল করিম (জাতীয় পার্টি)
উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন পত্র অবৈধ প্রার্থীগণ আপিল দায়ের করতে পারবেন ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। এতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।


