ফাতিমা ফাল্গুনী: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মাত্র সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। ডিএনএ পরীক্ষায় অভিযোগের সত্যতা মেলার পর বৃহস্পতিবার (৪ জুন) আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার একমাত্র আসামি মনির হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।
গত ২১ মে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় সংঘটিত এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত চলাকালে ভুক্তভোগী শিশুর জবানবন্দি, আলামত সংগ্রহ, চিকিৎসা নথি ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে পুলিশ।
মামলার তদন্তকারী সংস্থা জানায়, ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দ্রুত তদন্ত সম্পন্ন করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।
দ্রুত তদন্ত ও চার্জশিট দাখিলের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। এখন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।


