চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৫০) নামে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে৷ নিহত দিদার রিয়াজুদ্দিন বাজারে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। নিহত দিদার পটিয়ার বাসিন্দা।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তৈয়ব (৫০) নামের একজনকে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম জানান, আমরা অভিযান চালিয়ে আবু তৈয়বকে আটক করেছি। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। একাধিক সূত্রে জানা গেছে, লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।


