বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২২ এপ্রিল) পুলিশ সদর দফতরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে পুলিশ সদর দফতর জানিয়েছে, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।
তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আলজেরিয়ার আগ্রকে স্বাগত জানান। তিনি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।


