কায়সার হামিদ মানিক,উখিয়া: মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ মে) ভোর ৪ টা ১৫ মিনিটের সময় উখিয়া উপজেলার পালংখালী এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক,এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান র্যাব-১৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার সৈয়দুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে বাঁশঝাড়ের ভেতর কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভোর ৪ টা১৫ মিনিটের সময় র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস দল উল্লেখিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট অন্যান্য আলামত নিয়ম অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-১৫ এর এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


