কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ৪১ বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিএনজি ও মোটরসাকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে ৪ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৯ মে) সন্ধ্যা প্রায় ৬টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিজিবির প্রধান ফটকের সামনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। থানা সুত্রে জানায়, যাত্রিবাহী একটি সিএনজি উপজেলা সদর বরইছড়ি থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কাপ্তাই থেকে লিচুবাগান যাওয়ার পথে ওই এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজির যাত্রী মো. জিদান (২০), মোটর সাইকেলের যাত্রী মো. রানা (১৭) আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর আঘাতপ্রাপ্ত বলে কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানিয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে সিএনজি ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।


