ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন আ. লীগের লিফলেট তৈরির সময় এক নারী নেত্রী ও এক কম্পিউটার অপারেটরকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি বিবিরহাট এ এইচ শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বক্তপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় মহিলালীগ নেত্রী সুমি আক্তার (সাবেক ইউপি সদস্য) এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল বড়ুয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাতে সুমি আক্তার এ এইচ শপিং কমপ্লেক্সের শাউন ভিশন নামক প্রেসটিতে নিষিদ্ধ সংগঠন আ. লীগের লিফলেট তৈরির কাজ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাদের আটকে রাখেন।
ফটিকছড়ি পৌর যুবদলের সহসভাপতি মো. ইব্রাহীম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের হাতেনাতে ধরে। পরে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রচারপত্র ছাপানোর অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।


