চট্টগ্রামের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মঙ্গলবার (১৬ জুন) সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত ওই যুবকের নাম রামহরি বৈষ্ণব (২০)। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দীন বলেন, রামহরি লালদিঘী এলাকার একটি দোকানে কাজ করেন। সোমবার (১৬ জুন) দুপুরে দোকানের টিনের চালের ওপর পতাকা লাগানোর কাজ করছিলেন রামহরি। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি ওসি বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ মঙ্গলবার (১৬ জুন) সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


