পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে।
সেনাবাহিনী জানায়, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় পরিচালিত অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে সশস্ত্র সংগঠনের দুই সদস্য ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।
এদিকে, ২৪ জুন (বুধবার) রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে গুলি বিনিময়ের ঘটনায় সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


