ভারতীয় চলচিত্রের জনপ্রিয় নাম জয়া বচ্চন। অন্যদিকে তিনি প্রেক্ষাগৃহের সবচেয়ে জনপ্রিয় মুখ অমিতাভ বচ্চনের ঘরণী। তবে কেন জানি সাংবাদিক দেখলেই ক্ষেপে যান বলিউডের বরেণ্য এ অভিনেত্রী। তার প্রমাণ বহুবার দিয়েছেন। গত বছরের শেষের দিকে এক অনুষ্ঠানে ফটোগ্রাফার জয়ার ছবি তোলার সময় হোঁচট খান। আর এসময় বর্ষীয়ান এই অভিনেত্রী-সাংসদ বলে বসেন-আছাড় খেয়ে পড়লেই ঠিক হতো! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে নিন্দার মুখে পড়েছিলেন তিনি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন জয়া। ভারতের ইন্দোর বিমানবন্দরে ক্যামেরার দিকে তাকিয়ে জয়া বচ্চন ছবি তুলতে নিষেধ করেন। তারপরও যখন বর্ষীয়ান অভিনেত্রীর মুখে ক্যামেরার ফ্ল্যাশলাইট পড়ছে, তখন মেজাজ হারিয়ে জয়া বলে উঠেন-তোমরা কি ইংরেজি বোঝো না? জয়াকে রেগে যেতে দেখে অভিনেত্রীর দেহরক্ষীরা সঙ্গে সঙ্গে সামনে থেকে পাপারাজ্জিদের পাশাপাশি বেশ কয়েকজন ভক্তকেও সরিয়ে দেন।
আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। একজন কমেন্ট বক্সে লেখেন, বয়স হলে যা হয়। সবকিছু থেকে বিশ্রাম নিন। আরেকজন লেখেন, বয়স বাড়লেও জয়া বচ্চনের আচরণ এখনো অপরিণত। এসব ঘটনার সময় সেখানে অভিনেতা অমিতাভের আগমন ঘটে এবং চোখের ইশারায় স্ত্রীকে বোঝান এবার তোমার লাগাম টানা উচিত।


