মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি)-
কাপ্তাই উপজেলার চিৎমরমে শত বছরের ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হলো মারমা সম্প্রদায়ের অন্যতম বর্ষবরণ উৎসব সাংগ্রাই। যা জলখেলী উৎসব হিসেবে অধিক পরিচিত। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সাংগ্রাই উৎসব উপলক্ষে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে হাজারো মানুষের সমাগম ঘটে।
সাধারনত নববর্ষকে বরণ এবং পুরানো বর্ষকে বিদায় জানাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সাংগ্রাই জল উৎসব উদযাপন করে থাকে। মারমা যুবক যুবতীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে পুরানো বছরের দুঃখ, গ্লানি, বেদনাকে ভূলে সামনের দিকে এগিয়ে যেতে চায়।
সাংগ্রাই জল উৎসব উপলক্ষে বিহার সংলগ্ন মাঠে ওইদিন সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ চৌধুরী সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আর সামাজিক উৎসবের মাধ্যমে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।
এদিকে, মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাঁই উৎসবকে ঘিরে এখন উৎসবে আনন্দে মাতোয়ারা সমগ্র চিৎমরম এলাকা। উৎসবকে ঘিরে নানা বর্ণের মানুষের আগমন ঘটেছে এই এলাকায়।
উৎসব উদযাপন কমিটির সদস্যরা জানান, এই সাংগ্রাঁই জল উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতি, কৃষ্টিকে তুলে ধরছি। সকল ভেদাভেদ ভূলে আমরা নতুন বছরকে বরণ করে নিব। অন্যদিকে সাংগ্রাই উৎসবকে ঘিরে এলাকায় বসে বৈশাখী মেলা। পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি।
কাপ্তাইয়ের চিৎমরমে সাংগ্রাই জল উৎসবে হাজারো মানুষের সমাগম
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


