মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কারিগরী বোর্ডের ছাত্র আন্দোলনের ৬ দফা দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের লকগেইট এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়ে ব্লকেট কর্মসূচী পালন করেছে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ২টা থেকে কাপ্তাই উপজেলার প্রধান সড়কের লকগেইট এলাকার সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষা বর্জন করে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়।
শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কাপ্তাইয়ের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ। পরে শিক্ষার্থীদের সাথে দাবী দাওয়ার বিষয়ে আলোচনার পর বিকেল প্রায় ৫টার দিকে ব্লকেট কর্মসূচী প্রতাাহার করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

এসময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, তাদের দাবী মেনে না নিলে পরবর্তীতে আবারো সড়কে নেমে আন্দোলন করবে।
কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, শিক্ষার্থীরা কাপ্তাই সড়কে আন্দোলন শুরু করায় সাময়ীক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলি। এবং বেলা ৪টার পর তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।


