ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম গ্রহণ করেছেন।
এর আগে ৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগে জাবেদের স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউসিবিএল ও আরামিট গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।
দুদকের আইনজীবী রেজাউল করিম রনি জানান, আদালত অভিযোগপত্র গ্রহণের পাশাপাশি পলাতক ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অপর দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসারকে ব্যবসায়ী হিসেবে দেখিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেওয়া হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখায় ওই প্রতিষ্ঠানের নামে একটি চলতি হিসাব খোলা হয়।
পরবর্তীতে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি ১৮০ দিনের জন্য গম, হলুদ, ছোলা ও মটর আমদানির নামে টাইম লোনের আবেদন করা হয়। নেতিবাচক মত থাকলেও ব্যাংক কোনো যাচাই ছাড়াই ঋণ অনুমোদন করে। ঋণের অর্থ চারটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের হিসাবে পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং পরে নগদ উত্তোলন ও বিভিন্ন হিসাবে সরিয়ে নেওয়া হয়।
দুদকের তদন্তে আরও জানা গেছে, আত্মসাৎ করা অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনা হয়েছে এবং জাবেদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দায় সমন্বয় করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


