চট্টগ্রাম নগরীতে ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম YRC। নগরীর আরবি কনভেনশন হল-এ অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় এক হাজার বাইকার অংশগ্রহণ করেন, যা নগরীর বাইকার কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে।
রমজানের পবিত্র আবহে ইবাদত, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত হন চট্টগ্রামের মোটরবাইকপ্রেমীরা। ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন গেস্ট বাইকার, ফিমেল বাইকার, কাস্টমার, ডিলার ও ইয়ামাহা অফিশিয়াল ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রধান তানভীর হাসান বিপ্লব সহ এডমিন প্যানেলের সদস্যরা।
বক্তারা তরুণ সমাজকে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বাইকাররা শুধু গতির প্রতীক নন, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতারও প্রতিচ্ছবি। এ ধরনের আয়োজন পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও মত প্রকাশ করেন সবাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর ইয়ামাহা বিজনেস ম্যানেজার হোসেন মোহাম্মদ অপশন।
ইয়ামাহা ও চট্টগ্রাম YRC’র যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃহৎ ইফতার মাহফিল নগরীর বাইকার কমিউনিটিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


