রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি ও মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম (৪০), পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়ার মৃত মো. সেলিম উদ্দিনের ছেলে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান।
নাজমুল হাসান বলেন, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে পটিয়া মডেল থানার একটি দল পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে রিয়াদ বিন সেলিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একাধিক ভুয়া পরিচয়পত্র, একটি হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। রিয়াদ ‘Lion Riyadh Selim’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে ছবি পোস্ট করতেন। প্রাথমিকভাবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার রিয়াদের বিরুদ্ধে আগে থেকেই নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন পদে নিয়োগের নামে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য দিয়ে প্রতারণার প্রমাণও মিলেছে।
এছাড়া রিয়াদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া পরিচয়পত্র তৈরি করে তদবির বাণিজ্যে জড়িত ছিলেন জানিয়ে নাজমুল হাসান বলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তার স্বামীকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দেন রিয়াদ। এ প্রলোভনে তিনি বিকাশের মাধ্যমে ১৫ হাজার ৩০০ টাকা এবং পরে নগদ ২ লাখ টাকা নেন। এ ঘটনায় পটিয়া থানায় প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।


