সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।
এদিন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলোর অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনেন। সরকারি ও বিরোধী দলের বিতর্ক হয়। এক পর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।’
সেইসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিরপেক্ষতা হারিয়েছেন বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘অনেকগুলো বিলের ইস্যুতে বিএনপি সরকার ছলচাতুরী করেছে। ওয়াদ ভঙ্গের কারণে আমরা আজ ওয়াকআউট করেছি।’
এর আগে তিনবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় এমপিরা। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ প্রথম, ১ এপ্রিল দ্বিতীয় বার এবং ৯ এপ্রিল তারা ওয়াকআউট করেন।


