চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ১৮২ শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ হাজার শিশুকে এমআর ভ্যাকসিন দেওয়া হবে। এ লক্ষ্যে ক্যাম্পেইন শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা কো-অর্ডিনেটর মিটিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
জানা যায়, জরুরি এমআর ভ্যাকসিন ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে প্রায় ৪৫ হাজার শিশু।
উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৪টি কিন্ডারগার্টেন এবং ১০১টি এবতেদায়ি নুরানি মাদ্রাসার শিক্ষার্থীরা এই টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, ‘এমআর ভ্যাকসিন শিশুদের মারাত্মক দুটি সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। এই কর্মসূচি শতভাগ সফল করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে এটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাদের মাধ্যমে উপজেলার প্রতিটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় যেন ইমাম ও মুয়াজ্জিনরা টিকা সম্পর্কে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা এই ক্যাম্পেইন সফল করার প্রধান শক্তি হবে। উপজেলার ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত তারিখ অনুযায়ী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে আগাম প্রচারণা চালানো হচ্ছে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হচ্ছে। স্কুলভিত্তিক টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. শুভ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আকতার হিমুসহ সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


